Logo

আরাফার ময়দানে শুরু হলো পবিত্র হজের খুতবা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে, ২০২৬, ১৫:৫১
আরাফার ময়দানে শুরু হলো পবিত্র হজের খুতবা
ছবি: সংগৃহীত

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’ উপলক্ষে সৌদি আরবের ঐতিহাসিক আরাফার ময়দানে শুরু হয়েছে হজের খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

বিজ্ঞাপন

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফার ময়দানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইবাদত-বন্দেগি ও দোয়ায় মশগুল রয়েছেন। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ ৯ জিলহজ, যা মুসলিম বিশ্বের কাছে ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ।

সকাল থেকেই হাজিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র তালবিয়া— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।”

বিজ্ঞাপন

সাদা ইহরামের দুই টুকরো কাপড়ে আবৃত হজযাত্রীরা মঙ্গলবার ভোরে মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফার উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দানের গুরুত্ব অপরিসীম। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সেই স্মৃতি ও ধর্মীয় আবেগ ধারণ করেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এখানে সমবেত হন।

হজের খুতবা মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা বহন করে। বিশ্বজুড়ে মুসলমানরা সরাসরি সম্প্রচার ও অনুবাদের মাধ্যমে এই খুতবা শুনে থাকেন। চলতি বছরও বাংলা ভাষাসহ বিশ্বের ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এই অনুবাদ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এবার বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটি-তে অধ্যয়ন করেছেন।

বিজ্ঞাপন

হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফার ময়দানে অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ইসলামি শরিয়ত অনুযায়ী, আরাফায় অবস্থান ছাড়া হজ পূর্ণতা পায় না। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এরপর তারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।

বিশ্ব মুসলিমের কাছে আরাফা দিবস আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও ত্যাগের এক অনন্য উপলক্ষ হিসেবে বিবেচিত। প্রতি বছরের মতো এবারও শান্তি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করছেন হাজিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD