শিশুর মুখে ‘মির্জা আব্বাস চাঁদাবাজ, হাসনাত আব্দুল্লাহর ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি শিশুকে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে "মির্জা আব্বাস চাঁদাবাজ" স্লোগান দিতে উৎসাহিত করছেন। গত ৪ মার্চ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
বিজ্ঞাপন
মূলত ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীর মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের রেশ ধরেই এই স্লোগানটি সামনে এসেছে। হাসনাত আব্দুল্লাহর শেয়ার করা ভিডিওটি সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশ একটি শিশুকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিশুদের মনে এ ধরনের বিদ্বেষমূলক স্লোগান ঢুকিয়ে দেওয়া তাদের স্বাভাবিক মানসিক বিকাশের অন্তরায়।
বিজ্ঞাপন
অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের অনেকে বিষয়টিকে নিছক 'খুনসুটি' বা মজার ঘটনা হিসেবে দেখছেন। কেউ কেউ একে সমসাময়িক রাজনীতির একটি হাস্যকর প্রতিফলন হিসেবেও মন্তব্য করেছেন।
বিষয়টি নিয়ে মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, "মির্জা আব্বাস একজন অত্যন্ত সজ্জন ও ভদ্র মানুষ। নির্বাচনের আগে থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টা চলছে। আমরা এখনো ধৈর্য ধরে আছি এবং এখনই মামলা করছি না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
ভিডিওটি নিয়ে সমালোচনা চললেও এনসিপি বা হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শিশুদের রাজনীতিতে জড়ানোর এই সংস্কৃতি সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য কতোটুকু সহায়ক, তা নিয়ে সরব এখন সুশীল সমাজ।








