হাদি হত্যা মামলার বিচার বিলম্ব নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলার বিচারে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করে সঠিক তদন্ত ও বিচার সম্পন্ন করা সম্ভব।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।
‘হাদি হত্যার বিচার’ শিরোনামের পোস্টে তিনি উল্লেখ করেছেন, ওসমান হাদি ছিলেন গনমানুষের অতিপ্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
ড. আসিফ জানান, কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্যি এই হত্যার বিচার এখনো শুরুই করা যায়নি।
তিনি আরও বলেন, এবছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ঠ না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এধরনের মামলায় নারাজী দেয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহন করে বিচার শুরু করা সমীচিন হয়না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি।
বিজ্ঞাপন
ড. আসিফ পোস্টে লিখেছেন, সিআইডি-র তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং এতে আর নারাজী না এলে বিচারকার্য শুরু হবে। কিন্তু তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোন কারণে বাদী আবারো নারাজী দিলে বিচার আরো পেছাতে পারে। আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজীকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে। কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক উঠার আশংকা থাকবে।
তিনি উল্লেখ করেন, আমরা যতোটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এতো সরল বিষয় নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।









