Logo

কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৪:২৯
কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা
ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার পারিবারিক ও আইনি জটিলতা আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে।

বিজ্ঞাপন

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন নাসির হোসেন। এরপর ১০ দিনের মাথায় তামিমার সাবেক স্বামী রাকিব আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, তাকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে সম্পন্ন করেন তামিমা।

এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির ও তামিমার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করা হয়। মামলাটির শুনানি শেষে গত বুধবার (৬ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়, আর বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।

বিজ্ঞাপন

এর মধ্যেই সোমবার তামিমা সুলতানা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যা ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, সমাজে নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। তার দাবি, সাধারণ নারীদের বিষয়ে যথাযথ গুরুত্ব না দিয়ে শুধু পরিচিত বা আলোচিত ঘটনাগুলো নিয়েই বেশি আলোচনা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, নারীদের অবমাননা ও নিপীড়নের বিরুদ্ধে সমাজের নীরবতা নিয়ে হতাশা রয়েছে তার মধ্যে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে সমাজ নারীদের নিচে রাখতে চায়, সেই বাস্তবতার মধ্যেও নাসির তাকে সম্মান দিয়েছেন।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি নাসিরকে উদ্দেশ করে লেখেন, “নাসির হোসেন কাপুরুষদের সমাজে আমার বীরপুরুষ।”

এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD