মোনামির পদত্যাগকে মেটিকুলাস প্ল্যান বললেন নীলা ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল বলেন, মোনামির পদত্যাগকে শুধু অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এটি ভবিষ্যতে আরও বড় কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক ভূমিকার জন্য পরিকল্পিত পদক্ষেপও হতে পারে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যারা শেহরীন আমিন মোনামির পদত্যাগকে অভিমান বলে ভাবছেন, তারা হয়তো রাজনৈতিক সমীকরণটি এখনো বুঝতে পারেননি। ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়; অধিকাংশ সময়ই তা বড় প্রাপ্তির জন্য হিসেবি বিনিয়োগ।”
বিজ্ঞাপন
নীলা আরও লেখেন, “আমি অন্তত এতটা মহানুভবতার গল্পে বিশ্বাস করি না যে এই পদত্যাগ নিছক আত্মত্যাগের উদাহরণ। ক্ষমতার রাজনীতিতে পদ ছাড়াও অনেক সময় এক ধরনের কৌশলগত বিনিয়োগ—আজ একটি চেয়ার ছেড়ে আগামীতে আরও বড় কোনো অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পিত পদক্ষেপ।”
পোস্টে তিনি এ পদত্যাগকে (মেটিকুলাস প্ল্যান) ‘নিখুঁত পরিকল্পনা’ বলেও উল্লেখ করেন। তার ভাষায়, “এ এক নিখুঁত পরিকল্পনা—নীরব, পরিমিত, কিন্তু লক্ষ্যভেদী। সময়ই বলে দেবে, এই পদত্যাগ সমাপ্তি ছিল, নাকি বড় কোনো প্রত্যাবর্তনের প্রস্তুতি।”
বিজ্ঞাপন
এর আগে সোমবার বেলা ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।








