শুরুতেই গোল, কুরুসাওয়ের বিপক্ষে এগিয়ে জার্মানি

গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচেই আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখাচ্ছে জার্মানি। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে কুরাসাওকে চাপে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই আধিপত্যের প্রতিফলন আসে ম্যাচের ষষ্ঠ মিনিটে, যখন ফেলিক্স নমেচার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান দল।
বিজ্ঞাপন
মরক্কোর রেফারি জালাল জায়েদের বাঁশিতে খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। হুলিয়ান নাগেলসম্যানের দল শুরু থেকেই শারীরিক শক্তি ও দ্রুত পাসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলে। তৃতীয় মিনিটেই নাথানিয়েল ব্রাউন বক্সে ঢোকার চেষ্টা করলেও সেই আক্রমণ সফল হয়নি।
ম্যাচের প্রথম পাঁচ মিনিটে বড় কোনো সুযোগ তৈরি না হলেও বলের দখলে ছিল পুরোপুরি জার্মানি। অন্যদিকে কুরাসাওয়ের জুনিনহো বাকুনা বাম দিক দিয়ে একবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও ফাউলের কারণে সেই প্রচেষ্টা থেমে যায়।
বিজ্ঞাপন
ষষ্ঠ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এর আগে জামাল মুসিয়ালার একটি শট কুরাসাও ডিফেন্ডার আরমান্দো ওবিসপো ব্লক করেছিলেন। তবে বলের নিয়ন্ত্রণ ধরে রাখে জার্মানি। এরপর লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভির্ৎজ দারুণ এক ছোট পাস বাড়িয়ে দেন ফেলিক্স নমেচার উদ্দেশে। সুযোগ বুঝে প্রথম ছোঁয়াতেই ডান কোণে নিখুঁত কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক এলোই রুমের কোনো সুযোগই ছিল না।
ভির্ৎজের চমৎকার অ্যাসিস্ট আর নমেচার দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই রয়েছে।
তারকাসমৃদ্ধ দল নিয়ে মাঠে নেমেছে জার্মানি। গোলবারের নিচে আছেন অভিজ্ঞ ম্যানুয়েল ন্যুয়ার। রক্ষণভাগে রয়েছেন জশুয়া কিমিখ, জোনাথন তাহ ও নিকো শ্লটারবেক। মাঝমাঠে খেলছেন ফেলিক্স নমেচা ও আলেক্সান্ডার পাভলোভিচ। আর আক্রমণভাগে ফ্লোরিয়ান ভির্ৎজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে এবং কাই হাভার্টজের মতো তারকারা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠেছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে কুরাসাওয়ের একাদশেও আছেন এলোই রুম, রিচেডলি বাজার, জুনিনহো বাকুনা, তাহিথ চং ও জার্গেন লোকাডিয়ার মতো পরিচিত ফুটবলাররা। তবে ম্যাচের শুরুর দিকে জার্মানির গতিময় ও সংগঠিত ফুটবলের সামনে তারা এখনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
জার্মানি একাদশ (৪-৩-২-১)
বিজ্ঞাপন
ম্যানুয়েল নুয়্যার; নাথানিয়েল ব্রাউন, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, জশুয়া কিমিখ, ফেলিক্স নমেচা, আলেক্সান্ডার পাভলোভিচ; ফ্লোরিয়ান ভির্ৎজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে; কাই হাভার্টজ।
কুরাসাও একাদশ (৪-২-৩-১)
এলোই রুম; ডেভেরন ফনভিল, আরমান্দো ওবিসপো, রিচেডলি বাজার, শেরেল ফ্লোরানুস; লিয়ান্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া; জুনিনহো বাকুনা, তাহিথ চং, সন্টিয়ে হ্যানসেন; জার্গেন লোকাডিয়া।
বিজ্ঞাপন








