প্রধান কোচ ছাড়াই শুরু হলো অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলকে। দেশে ফেরার পর থেকে যুব দলের কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া কার্যক্রম চোখে পড়েনি।
বিজ্ঞাপন
তবে ২০২৮ সালের যুব বিশ্বকাপকে লক্ষ্য করে এখন থেকেই দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ইয়ুথ ক্রিকেট লিগের কার্যক্রম শেষ হয়েছে এবং সম্ভাবনাময় ৫০ ক্রিকেটারকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে খুলনায় দীর্ঘমেয়াদি ক্যাম্প শুরু করেছে বিসিবি।
গত শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ক্যাম্প চলাকালে ক্রিকেটারদের কয়েকটি দলে ভাগ করে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে। এর মধ্যে প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল।
বিজ্ঞাপন
অন্যদিকে গেল মাসে জুনিয়র টাইগারদের বর্তমান প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। দলটির নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। মাঝে দেশি কোচদের নিয়ে গুঞ্জন উঠলেও তা চূড়ান্ত হয়নি। ফলে খুলনার চলমান ক্যাম্প প্রধান কোচ ছাড়াই শুরু হয়েছে।
আরও পড়ুন: পাচার হওয়া সেই শিশুই আজ বিশ্বকাপের নায়ক
জানা গেছে, প্রধান কোচ ইস্যুতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। চলতি সপ্তাহে এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। চলমান ক্যাম্পে কোচ হিসেবে থাকছেন ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম, আরশাদ খানরা।
বিজ্ঞাপন








