৭ গোলের তাণ্ডবে বিশ্বরেকর্ড, ব্রাজিলকে ছাড়াল জার্মানি

বিশ্বকাপের মঞ্চে ৭-১ স্কোরলাইন জার্মান ফুটবলের ইতিহাসে এক বিশেষ স্মৃতি হয়ে আছে। ২০১৪ সালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে আলোচনার জন্ম দেওয়া দলটি এবার কুরাসাওকে একই ব্যবধানে উড়িয়ে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় ব্রাজিলকে পেছনে ফেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। ফলে ২৩৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা (১৫২ গোল), চতুর্থ ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম ইতালি (১২৮)।
ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই দলকে ব্রাজিলের চেয়ে এগিয়ে নিয়ে যায় এবং নতুন রেকর্ডের মালিক করে।
বিজ্ঞাপন
বিশ্বকাপ ইতিহাসে সাত বা তার বেশি গোল করার কীর্তি জার্মানির এটি চতুর্থবার। এর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া দলটি এবার অনেক বেশি আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল। তবে এরপর জার্মান আক্রমণের সামনে তারা আর টিকতে পারেনি। হাভার্টজদের দাপটে শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানেই ম্যাচ শেষ হয়।








