Logo

দিনের চার ম্যাচেই ড্র, বিশ্বকাপে ৬৮ বছর পর ফিরল বিরল রেকর্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১২:২২
দিনের চার ম্যাচেই ড্র, বিশ্বকাপে ৬৮ বছর পর ফিরল বিরল রেকর্ড
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। আয়োজকদের স্থানীয় সময় অনুযায়ী ১৫ জুন অনুষ্ঠিত দিনের চারটি ম্যাচের একটিতেও জয়-পরাজয় নির্ধারিত হয়নি। সব ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার ঘটল।

বিজ্ঞাপন

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেবার একটি দিনে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হলেও চারটি ম্যাচের কোনো ফলাফল আসেনি। প্রায় সাত দশক পর আবারও একই ধরনের ঘটনা দেখা গেল বিশ্বকাপের মঞ্চে।

আরও অবাক করার বিষয় হলো, ১৯৫৮ সালের সেই দিনটিও ছিল ১৫ জুন। ২০২৬ বিশ্বকাপেও ঠিক একই তারিখে চারটি ম্যাচ ড্র হওয়ার নজির গড়েছে দলগুলো। ৬৮ বছর আগের আসরে স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য সমতায় ম্যাচ শেষ করেছিল। একই দিনে যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে ৩-৩ গোলে ড্র করে। ইংল্যান্ড-অস্ট্রিয়া এবং নর্দান আয়ারল্যান্ড-জার্মানি ম্যাচ দুটি শেষ হয়েছিল ২-২ সমতায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি ম্যাচও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও কোনো দল জয় পায়নি, তবে উত্তেজনার কমতি ছিল না একটুও।

দিনের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন ও নবাগত কেপ ভার্দের লড়াই। আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি শক্ত রক্ষণভাগ গড়ে স্পেনকে আটকে রাখে। পাশাপাশি সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তারকাবহুল স্প্যানিশ দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে।

বিজ্ঞাপন

অন্যদিকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় মিসর। সেই লিড ধরে রেখে জয়ের স্বপ্নও দেখছিল দলটি। তবে ৬৬ মিনিটে আত্মঘাতী গোল করে নিজেদের বিপদ ডেকে আনে তারা। ফলে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলজিয়াম।

একই ব্যবধানে ড্র হয়েছে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচও। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে পুরো ম্যাচজুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা। ৪১ মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। পরে ৮০ মিনিটে ম্যাক্সিমিলিয়ান আরাউহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে এবং পরাজয় এড়ায়।

দিনের আরেকটি জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরান ও নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরা ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই ঘুরে দাঁড়িয়ে সমতা আনে ইরান। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে থাকা ইরান ম্যাচটিতে হার এড়ালেও জয় তুলে নিতে পারেনি। উল্লেখ্য, ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD