আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন লিওনেল মেসি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের জয়ে একাই বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিজ্ঞাপন
বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। ম্যাচের পঞ্চম মিনিটে তার জালে জড়ানো বল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
প্রথমার্ধের ১৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী এই তারকা। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে বল পেয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি।
বিজ্ঞাপন
বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। নিজেদের অর্ধ থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের লম্বা পাস থেকে আক্রমণ তৈরি হয়। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে সহজেই গোল করেন মেসি।
এরপর ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। বাম দিক দিয়ে আক্রমণ গড়ে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল ফিরে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালের ঠিকানায় পাঠান তিনি।
বিজ্ঞাপন
মেসির তিন গোলে ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী ২২ জুন, প্রতিপক্ষ অস্ট্রিয়া।








