Logo

চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, শুরু করলেন অনুশীলন

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১২:২৩
চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, শুরু করলেন অনুশীলন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশার মধ্যেই ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন নেইমার জুনিয়র। চোট থেকে সেরে উঠে অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিউইয়র্কের বাইরে ব্রাজিল দলের বেস ক্যাম্পে দীর্ঘদিন পর বল পায়ে অনুশীলন করতে দেখা যায় তাকে। চোট পাওয়ার পর এই প্রথম মাঠে নেমে অনুশীলন করলেন তিনি।

তবে ব্রাজিল সমর্থকদের জন্য এখনই পুরোপুরি সুখবর নয়। কারণ এখনও পূর্ণ ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি নেইমার।

বিজ্ঞাপন

গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান তিনি। সেই চোট নিয়েই কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে যোগ দেন। শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি মূল্যায়নে গত সোমবার তার বিভিন্ন চিকিৎসা পরীক্ষা ও স্ক্যান করা হয়।

পরদিন মাঠে ফিরলেও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি নেইমার। নিজের ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে তিনি হালকা দৌড় ও শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলনেই সীমাবদ্ধ ছিলেন।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই লড়াইটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে চিকিৎসক দলের পরামর্শ মেনে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বেঞ্চ থেকেই সতীর্থদের উৎসাহ জোগাতে দেখা যেতে পারে তাকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD