Logo

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৩:০৩
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগামীকাল শনিবার দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

বিজ্ঞাপন

গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনার এই ফরোয়ার্ড। সেই চোটের কারণে তিনি কয়েকদিন মাঠের বাইরে ছিলেন। এমনকি দলের নিয়মিত অনুশীলনেও অংশ নিতে পারেননি।

তবে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুস্থ হয়ে মূল দলে অনুশীলন শুরু করেছেন রাফিনিয়া। নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে সতীর্থদের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) দীর্ঘ বিরতির পর আবার বল পায়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও নরওয়ের বিপক্ষে শুরু থেকেই তাকে একাদশে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের একটি এএফপিকে জানিয়েছে, ম্যাচের দিন পর্যন্ত রাফিনিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। তবে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে পারেন তিনি।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলে নরওয়ে সবসময়ই ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ। আন্তর্জাতিক আসরে এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি সেলেসাওরা। তাই নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাফিনিয়ার অনুশীলনে ফেরা ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD