ফরাসি দাপটে বিদায় মরক্কোর, টানা তৃতীয়বার সেমিফাইনালে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে উত্তর আফ্রিকার দলটিকে হারিয়েছিল ফরাসিরা।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। এই হারে শেষ হলো এবারের বিশ্বকাপে মরক্কোর স্বপ্নযাত্রা। একই সঙ্গে তাদের টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার ধারাও ভেঙে যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে প্রথমার্ধে দুর্দান্ত গোলরক্ষণের নৈপুণ্য দেখান মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু। একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি।
২৮তম মিনিটে নুসাইর মাজরাউয়ি বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি অধিনায়ক। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দেন বুনু।
বিজ্ঞাপন
এরপরও দেজিরে দুয়ের একটি ভালো সুযোগ এবং যোগ করা সময়ে লুকাস দিনিয়ের শট ক্রসবারে লেগে ফিরে এলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেও বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে ফ্রান্স। অবশেষে ৬০তম মিনিটে এমবাপ্পের শটে বল দিক পরিবর্তন করে পোস্ট ঘেঁষে জালে জড়ালে এগিয়ে যায় ফরাসিরা। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে বিশ্বকাপে নিজের ২০তম এবং চলতি আসরের অষ্টম গোল করেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি শীর্ষ সারিতে রয়েছেন।
বিজ্ঞাপন
গোলের ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে মরক্কোর জালে বল পাঠান বর্তমান ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
বাকি সময়ে মরক্কো ব্যবধান কমানোর চেষ্টা করলেও ফ্রান্সের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।
আগামী ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম।








