ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ করা সেই বলের দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজেকে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ‘হাত দিয়ে গোল’ করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন তিনি। পরে সেই গোলকে ম্যারাডোনা ব্যাখ্যা করেছিলেন, গোলটি ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’ সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞাপন
ঐতিহাসিক সেই গোলের সাক্ষী বলটি এবার নিলামে উঠতে যাচ্ছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে বলটি নিলামে তোলা হবে। টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নিলামে বলটির দাম আট অঙ্কে পৌঁছাতে পারে। অর্থাৎ বলটির মূল্য কমপক্ষে ১ কোটি ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে।

তবে নিলামে ওঠার আগে বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা। নিলামে অংশ নেওয়া ক্রেতাদের প্রতিদ্বন্দ্বিতার ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত বলটির দাম কতটা বাড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হেরিটেজ অকশনস’-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয় এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল।’ ইমলারের দেওয়া আরেকটি তথ্য অবশ্য বলটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এই বল দিয়েই।
বিজ্ঞাপন
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত।
ম্যারাডোনার সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতিবিজড়িত আরও একটি জিনিসও পরে নিলামে রেকর্ড গড়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তিনি যে জার্সিটি পরেছিলেন, সেটিও নিলামে তোলা হয়েছিল। নিলামে সেই জার্সির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫ কোটি টাকা। ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।








