সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন আমিনুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইন সম্মেলনে অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, দ্রুত দেশে ফিরতে না পারলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার ইচ্ছা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফিরে জাতীয় দলের হয়ে সাকিবের খেলার সম্ভাবনা নাকচ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজ্ঞাপন
শুক্রবার এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’
সাকিবের রাজনৈতিক পরিচয়ই বর্তমানে দেশে ফেরার পথে বড় বাধা বলে মনে করছেন আমিনুল হক। তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন। ফলে দেশে ফেরার সুযোগ আছে বলে তিনি মনে করছেন না। দেশে ফিরলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আমিনুল হক বলেন, এতদিন সাকিবের বিষয়টি একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছে। সে কারণে তিনি এবং অন্যরা বিষয়টি নিয়ে সহনশীল ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাকিবকে দেশে ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ তিনি দেখছেন না।
তিনি আরও বলেন, সাকিব স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন। তাই দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তার নেই।
বিজ্ঞাপন
তবে এর আগে সাকিবের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছিলেন আমিনুল হক। গত ফেব্রুয়ারিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে তাদের আবার বাংলাদেশের ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি করতে চান। সে সময় বিষয়টি সহনশীল ও নমনীয়ভাবে দেখার কথাও জানিয়েছিলেন তিনি।








