Logo

মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়, ব্যর্থ সাব্বির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৬, ১৯:২৯
মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়, ব্যর্থ সাব্বির
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার মালয়েশিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দিনের শুরুতে হাই পারফরম্যান্স দলের করা একশো আটান্ন রানের জবাবে মাত্র ঊনসত্তর রানেই থেমেছে মালয়েশিয়ার ইনিংস।

বিজ্ঞাপন

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি দল। ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে ভালো শুরু পায় দলটি। তবে জিসান আলম সুবিধা করতে পারেননি। সাত বলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

১৮ বলে ২৮ রানের ইনিংস খেলে জাওয়াদ সাজঘরে ফিরে যান। মাঝে আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। জাওয়াদের বিদায়ের পর সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও। ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। অন্যদিকে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সাব্বির রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর ক্রিজে জুটি বাঁধেন আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন। ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন সাকলাইন। এরপর ৩ বলে ১ রান করে বিদায় নেন আবু হায়দার রনি। শেষের আগের ওভারে মেহেরব ২২ বলে ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ এইচপি।

বিজ্ঞাপন

জবাব দিতে নামা মালয়েশিয়াকে প্রথম বলেই ধাক্কা দেন এইচপির আবু হায়দার রনি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন নাজমুস সাকিব। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে মালয়েশিয়া। সাকিবের পর আরেক ওপেনার আসলাম খান বিন মালিক ফিরেছেন ৫ বলে ডাক মেরে। তিনে নামা আহমেদ আকীল ওয়াহিদ খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। ১০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৪২ রান তোলে মালয়েশিয়া।

এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আমির আজিম এবং বিজয় উনি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফিরিয়েছেন আবদুল গাফফার সাকলাইন। ২২ বলে ১৫ রান করা আজিমকে বিদায় করেছেন মোহাম্মদ রুবেল হাসান। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৬৯ রান তুলে অলআউট হয়েছে মালয়েশিয়া। ৮৯ রানে জিতেছে এইচপি দল।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এবং মোহাম্মদ রুবেল। একটি করে উইকেট নেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD