Logo

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৩:৫২
বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

বাবা হোর্হে মেসিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাবাকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর জন্য নিজ দেশ আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার (৮ আগস্ট) গভীর রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে করে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। এরপর রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে তার বাবা হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে মেসির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক আয়োজন হওয়ায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজন ছাড়া অন্য কাউকে সেখানে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি। বাবাকে শেষ বিদায় জানানোর পরও দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। বরং পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার সকাল থেকেই মেসির পরিবারের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন শুরু হয়। ধারণা করা হয়েছিল, দুপুরের আগেই তারা দেশ ছাড়বেন। কিন্তু মেসিদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত খালি অবস্থায় উড্ডয়ন করে। বিকেল ৩টার পর মেসি ও তার পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।

মেসির যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলা জানিয়েছে, ‘লিওনেলের বাবা হোর্হে মেসির মৃত্যু এই আর্জেন্টাইন তারকাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার দায়বদ্ধতা স্থগিত রাখবেন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD