Logo

জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও বন্যার পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১২:২০
জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও বন্যার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

সদ্যবিদায়ী জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি বৃষ্টিপাত হলেও আগস্টে আবহাওয়ার চিত্র কিছুটা ভিন্ন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকি একসঙ্গে দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একাধিক লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে।

তবে আগস্ট মাসে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত তুলনামূলক কম হলেও উজানের ভারী বৃষ্টি এবং দেশের অভ্যন্তরে স্বল্প সময়ের প্রবল বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

জুলাই মাসের আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৩ শতাংশ, চট্টগ্রামে ৫১ শতাংশ, সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ৮ জুলাই চট্টগ্রামে একদিনেই ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা ছিল পুরো মাসের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত। একই সময়ে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে দুটি পরে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় অঞ্চল ও আশপাশের এলাকায় প্রভাব ফেলে।

আগস্ট মাসের সম্ভাব্য আবহাওয়া নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে আরও এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এসব আবহাওয়া ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হলেও সার্বিক বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

এদিকে চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। তাই বজ্রপাত ও ঝোড়ো আবহাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ আপাতত স্বাভাবিক থাকলেও উজানের অতিবৃষ্টি এবং মৌসুমি ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য নদীসংলগ্ন এলাকায় হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

কৃষি খাতের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, পর্যাপ্ত মাটির আর্দ্রতা কৃষিকাজে ইতিবাচক ভূমিকা রাখলেও অতিরিক্ত বৃষ্টি বা আকস্মিক বন্যার সম্ভাবনার কারণে কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। বিভিন্ন অঞ্চলে মাটির আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে।

বিজ্ঞাপন

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার চিত্রেও কিছুটা অস্থিরতার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বঙ্গোপসাগরে আরও একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেগুলোর কয়েকটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, লঘুচাপের গতিপথ ও উজানের বৃষ্টিপাতের ওপর নির্ভর করেই আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি নির্ধারিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD