Logo

ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৭
ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, কমবে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে ডিসেম্বরের শুরু থেকেই। আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসেও তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (৩০ নভেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এদিনও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে।

বুধবার (২ ডিসেম্বর) সারা দেশে বৃষ্টিহীন ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিনও সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিকে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD