Logo

ঘন কুয়াশায় ঢেকে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫০
ঘন কুয়াশায় ঢেকে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতিও ছিল বেশি। কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার এমন চিত্র দেখা যায়। সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর ঘনত্ব বাড়ে এবং ভোরের দিকে পরিস্থিতি আরও ঘন হয়ে ওঠে। কোথাও কোথাও সড়কে সামনের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে পথচারী ও যানবাহনের চালকদের চলাচলে ভোগান্তি তৈরি হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কর্মস্থলে যাওয়া মানুষ এবং যানবাহনের চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে তাপমাত্রা কিছুটা বাড়ে এবং গরম অনুভূত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।

আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD