Logo

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১১:৪০
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
ফাইল ছবি।

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সোমবার (১০ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD