Logo

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১২:২৫
চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে শহরাঞ্চলের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভিন্ন শহর ও নগর এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিশেষ করে নিচু এলাকা ও পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল এমন স্থানে বৃষ্টির পানি জমে সাময়িক জনদুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ধসের আশঙ্কা বাড়ে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আওতাভুক্ত অন্যান্য এলাকাতেও নিচু অঞ্চল ও জলাবদ্ধপ্রবণ স্থানে সতর্কতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভারী ও অতি ভারী বৃষ্টির সংজ্ঞা

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের নির্ধারিত পরিমাপ অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটিকে ভারী বৃষ্টিপাত বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

বঙ্গোপসাগরের নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির এই প্রবণতা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে বৃষ্টিপাতের কারণে জনজীবনে প্রভাব পড়তে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভারী বৃষ্টি, ভূমিধসসহ বিভিন্ন আবহাওয়া সতর্কবার্তা নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD