লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
তবে নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সেখানে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
বিজ্ঞাপন
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।








