Logo

দিনভর রোদে ভ্যাপসা গরম, শেষরাতে মিলতে পারে শীতের আমেজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৩
দিনভর রোদে ভ্যাপসা গরম, শেষরাতে মিলতে পারে শীতের আমেজ
ছবি: সংগৃহীত

দেশে আগামী ১০ দিন আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। ১৭ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এ সময়ে দিনের বেলায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় গভীর রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজের পাশাপাশি কুয়াশা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে ছোট ছোট মেঘের খণ্ড দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আকাশে মেঘের উপস্থিতি তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২১ অক্টোবর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে আসতে পারে। এ সময় সূর্যের আলো উজ্জ্বল থাকবে এবং দেশের অধিকাংশ এলাকায় প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা স্বাভাবিক সূর্যালোক পাওয়া যেতে পারে।

আকাশ পরিষ্কার থাকলেও আগামী ১০ দিনে তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দিনের বেলায় গরমের সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের মধ্য ও উত্তরাঞ্চলের নদী অববাহিকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দেশে বড় ধরনের কোনো বৃষ্টি বলয় বা সার্বিক বর্ষণের সুযোগ নেই। কেবল ১৭ ও ১৮ অক্টোবর দেশের অত্যন্ত সীমিত অংশে, মাত্র এক থেকে পাঁচ শতাংশ এলাকায় আকস্মিক ও স্বল্পস্থায়ী হালকা বৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত চলাকালে সংশ্লিষ্ট এলাকায় বেশ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই আকাশে ঘন মেঘ দেখা দিলে সবাইকে সতর্ক থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সময়কালে বঙ্গোপসাগর উপকূল স্বাভাবিক থাকবে। অন্তত ২৪ অক্টোবর পর্যন্ত সাগরে কোনো উল্লেখযোগ্য নিম্নচাপ বা ঝড়ের সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে উপকূলীয় অঞ্চল ও সাগরে সামুদ্রিক পরিস্থিতি শান্ত থাকবে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, আবহাওয়া পরিস্থিতি সার্বিকভাবে স্বাভাবিক থাকায় এই ১০ দিনে বাইরে বা রোদে যেসব কাজ করা প্রয়োজন, তা অনায়াসে শেষ করা যাবে। তবে এই সময়ে দেশে স্বাভাবিক খরা পরিস্থিতি অব্যাহত থাকায় কৃষকদের নিজেদের আবাদি জমিতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় পর্যটকরা দেশের যেকোনো দর্শনীয় স্থানে নির্ভয়ে ভ্রমণ করতে পারবেন।

তবে মাসের একদম শেষের দিকে আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া সিস্টেম তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই সিস্টেমটির গতিপথ ও শক্তির ওপর নির্ভর করে অক্টোবর মাসের শেষ দিকে একটি নতুন বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যা পরে স্পষ্ট হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD