Logo

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিল পিতা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:১১
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিল পিতা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে নিজ পিতাই পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছেলেকে ধরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান পিতা।

জানা গেছে, জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত। সে নিয়মিত নিজ বাড়িতেই মাদক সেবন করে মাতলামি করত এবং এতে পরিবারে চরম অশান্তির সৃষ্টি হচ্ছিল। বারবার বুঝিয়েও তাকে সংশোধন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন পিতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রফিক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ছেলেটি মাদক সেবন করছে। শত চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। তার মাতলামিতে পরিবারে শান্তি ছিল না। বাধ্য হয়েই আইনের হাতে তুলে দিয়েছি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, মাদক থেকে সন্তানকে রক্ষায় একজন পিতার এমন কঠিন সিদ্ধান্ত সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD