Logo

প্রথমবারের মতো যশোর যাচ্ছেন তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭
প্রথমবারের মতো যশোর যাচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় একটি সমাবেশে বক্তব্য দেওয়ার পর হেলিকপ্টারযোগে তিনি যশোরে পৌঁছে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। জনসভাটি দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এই সফরকে ঘিরে যশোর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লায় সাজসজ্জা ও প্রচার কার্যক্রম চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও অপেক্ষার প্রহর।

রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর সফরের পরপরই তারেক রহমানের আগমন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে—তিনি যশোরবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন তা নিয়ে।

বিজ্ঞাপন

উপশহর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, জনসভাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। মাঠের উত্তর পাশে বড় আকারের মঞ্চ নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ ও উপশহর পার্ক নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুত করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, জনসভাটিকে স্মরণীয় করতে তারা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শনিবার শহরে বর্ণাঢ্য মিছিল করেছে যুবদল। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক সফর চলছে এবং রোববারও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, ছাত্রদলের বিভিন্ন ইউনিট স্বাগত মিছিল নিয়ে জেলা কার্যালয়ে জমায়েত হবে এবং শহরজুড়ে মিছিল করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, সকালে খুলনার সমাবেশ শেষে তারেক রহমান সরাসরি যশোরে আসবেন। দুপুর ১২টা থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। চেয়ারম্যানের আগমনের আগে বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার নেতৃবৃন্দ এবং দলীয় প্রার্থীরা বক্তব্য রাখবেন। প্রায় দুই লাখ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের মহাসচিবের মাধ্যমে সফরসূচি জানার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে এবং সবাই দিনরাত কাজ করছেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ও আশপাশে দায়িত্ব পালন শুরু করেছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD