মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। তিনি বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। তার মতে, এসব বক্তব্যের মাধ্যমে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি “প্রতারণা ও ভণ্ডামি” হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একটি দল একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে নিজেদের অবস্থান শক্তিশালী দেখাতে চাইলেও দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা বিষয়টি মেনে নেবেন না। এ ধরনের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ প্রতিবাদ জানাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি বা মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা হলে রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হলো শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো। সেই দায়িত্ববোধ থেকেই তিনি সংশ্লিষ্ট বক্তব্যের নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞাপন
নারী সমাজ নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যেরও সমালোচনা করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব বাস্তবে তাদের কর্মসংস্থানের ক্ষতি ডেকে আনতে পারে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।








