শ্রীনগরে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীরের ভাই তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন হামলায় আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর নির্মাণাধীন ‘তমি মার্কেট’-এর সামনে ক্ষুব্ধ এলাকাবাসী অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর ও তার ভাই তমিজউদ্দিন যৌথভাবে বালাশুর এলাকায় একটি মার্কেট নির্মাণ শুরু করেন। ওই জমির মালিকানা দাবি করে হান্নান হাজী, মানিক ও তাপসসহ কয়েকজন আদালতে মামলা দায়ের করেন। মামলায় ব্যর্থ হয়ে অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় নির্মাণাধীন মার্কেটটি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হান্নান ও মানিকের নেতৃত্বে একটি দল পুনরায় মার্কেট দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতালের গেটের সামনে দ্বিতীয় দফায় তার ওপর হামলা চালানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।








