নির্বাচনের ঠিক আগে ওমরাহ পালন করতে গেলেন বিএনপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন সারা দেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ঠিক সেই সময় ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাত্র কয়েক দিন আগে তার এই সফর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) ড. জালাল উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। তার দেশে ফেরার কথা রয়েছে শনিবার (৭ ফেব্রুয়ারি)। নির্বাচনের আগে তিনি নিয়মিতভাবে প্রচারণায় অংশ নিলেও এই সময়ের মধ্যে বিদেশ সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের একাধিক স্থানীয় নেতা।
ধানের শীষের নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তপাদার মুঠোফোনে জানান, ড. জালাল উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন—এ বিষয়টি তারা নিশ্চিত।
বিজ্ঞাপন
স্থানীয়ভাবে জানা যায়, ড. জালাল উদ্দিন এর আগেও বহুবার ওমরাহ পালন করেছেন। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে তার এই ধর্মীয় সফরকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, নির্বাচনী ফলাফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই এই সময় ওমরাহ পালনে গেছেন।
চাঁদপুর-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় বিএনপি নেতারা জানান, এ আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা তুলনামূলকভাবে কম। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এই আসনের চারবারের সংসদ সদস্য মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও তা হাইকোর্টে আটকে যায়।
অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও জামায়াতে ইসলামীর নেতা ডা. মবিন পরবর্তীতে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এমরান হোসেন মিয়া একাধিকবার নির্বাচনে অংশ নিলেও কখনো বিজয়ী হতে পারেননি। ১১ দলীয় জোটের এলডিপি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী সর্বশেষ নির্বাচনে এই আসনে মাত্র ৩৯৮ ভোট পেয়েছিলেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।
সবদিক বিবেচনায় চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতারা। দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও বর্তমানে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করছেন বলেও জানা গেছে।








