Logo

কুষ্টিয়া কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০
কুষ্টিয়া কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলায় বিচারাধীন ছিলেন।

বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের ভেতরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা এবং চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছিল। ভোররাতে হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার পর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD