গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি সংলগ্ন জগত নামের এক ব্যক্তির চায়ের দোকানের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়।
ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন জানান, তার বাড়ির পাশের জগতের চায়ের দোকানের সামনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেনের একটি ব্যানার টাঙানো ছিল। ওই ব্যানারের নিচে লাল কস্টেপ মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে এবং পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ আমতৈল, মানিকদিয়া ও কেশবনগর—এই তিন গ্রামের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়মিত জগতের চায়ের দোকানে বসেন। এখান থেকেই তিন গ্রামের বিএনপির নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। ওই দোকানের পাশেই বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেনের ব্যানার টাঙানো ছিল। ব্যানারের নিচে দুর্বৃত্তরা লাল কস্টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি রেখে যায় বলে তিনি দাবি করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।








