Logo

রাজনীতিকে পেশা বানালেই দুর্নীতি বাড়ে: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৬
রাজনীতিকে পেশা বানালেই দুর্নীতি বাড়ে: জামায়াত আমির
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজির সঙ্গে বেশি জড়িত হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, বরং দায়িত্ব ও কর্তব্য হিসেবে দেখে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা হবে। কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম জামায়াত বরদাশত করবে না উল্লেখ করে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নারীদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির অভিযোগ করেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় অতীতে যারা দেশ পরিচালনা করেছে, তাদেরই নিতে হবে। তিনি বলেন, নির্বাচন এলেই অনেক দল নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলে সেসব প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করা হয় না।

বিজ্ঞাপন

বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এ দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু অসৎ রাজনৈতিক চর্চার কারণে সেই বৈষম্য আজও রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD