Logo

ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি মিছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪১
ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে রাজধানীর মিরপুরে নির্বাচনি মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বরের ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়।

বিজ্ঞাপন

মিছিলটি ১০ নম্বর গোল চত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নারী কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বক্তব্যে বলেন, ডা. শফিকুর রহমান নির্বাচনে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তার ঘোষণায় নারীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

নারী নেতারা বলেন, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান বিজয়ী হলে একটি সুন্দর, কল্যাণভিত্তিক এবং ন্যায়-ইনসাফের সমাজ গঠনের পথ সুগম হবে—এমন প্রত্যাশা নারী সমাজের রয়েছে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হলেই দেশের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

বক্তব্যে আরও বলা হয়, দেশের সব ধরনের অকল্যাণ দূর করতে চান জামায়াতের আমির। সে লক্ষ্যেই ঢাকা-১৫ আসনসহ সারা দেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার জন্য নারীদের প্রতি আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। তিনি এই নির্বাচনি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নারী কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD