বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ নেতাকর্মী

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) ১২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে অন্তর্ভুক্ত হন।
বিজ্ঞাপন
দলভুক্ত হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ)-এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্যসচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্যসচিব আবু রায়হান এবং সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল।
এছাড়া সদস্য হিসেবে যোগ দিয়েছেন সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।
বিজ্ঞাপন
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ। তিনি নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন সদস্যদের স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, তাদের অংশগ্রহণে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।
বিজ্ঞাপন
দলে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, তরুণদের সম্পৃক্ততা দলকে সাংগঠনিকভাবে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে। তাদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।








