ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কেন্দ্র পরিদর্শনে, প্রস্তুতিতে সন্তুষ্ট প্রশাসন

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১২১টি ভোটকেন্দ্রকে ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। তিনি জানান, ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনী মালামাল ইতোমধ্যে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভাও সম্পন্ন করা হয়েছে।
ইউএনও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত তিনজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকবেন।
বিজ্ঞাপন
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনীর একাধিক টহল দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি পুলিশের ১২টি স্ট্রাইকিং ফোর্স, আনসারের দুটি বিশেষ টিম, ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়াও একটি ইলেকট্রনিক তদন্ত টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।
ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। শক্তিশালী নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে আমরা আশাবাদী।”
ভোটকেন্দ্র পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল: নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণও চোখে পড়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল ফুলবাড়ীয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে। এ সময় তারা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে পর্যবেক্ষক দল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হকের সঙ্গে কথা বলেন। তারা ভোটগ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও জোরদার করবে।
বিজ্ঞাপন
এদিকে ফুলবাড়ীয়ার ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনের প্রস্তুতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই।








