ময়মনসিংহে র্যাব-১৪’র কড়া বার্তা: পক্ষপাত নয়, কঠোর নিরাপত্তায় হবে নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব-১৪। প্রয়োজন অনুযায়ী বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছে বাহিনীটি।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে র্যাব-১৪ একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে। এখানে কোনো ধরনের পক্ষপাত, অতিরিক্ত বলপ্রয়োগ কিংবা শৈথিল্যের সুযোগ নেই। কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
বিজ্ঞাপন
র্যাব অধিনায়ক জানান, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ১৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬৬টি টহল টিমে ৬৪৫ জন পোশাকি র্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গোয়েন্দা টিম মাঠে সক্রিয় থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদারে প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করে অ্যারিয়াল সার্ভিল্যান্স পরিচালনা করা হবে।
জেলায় ১১টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলায় প্রত্যেকটিতে ১২০ থেকে ১৪০ জন করে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সেনাবাহিনী মোতায়েন না থাকায় সেখানে ৬ প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করবে। অন্য উপজেলাগুলোতে থাকবে ৪ প্লাটুন করে বিজিবি সদস্য।
প্রত্যেক ভোটকেন্দ্রে পুলিশের নেতৃত্বে ১৪ থেকে ১৭ জন করে গ্রাম পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়নের ৩১টি এবং র্যাবের ২১টি টিম মাঠে সক্রিয় থাকবে। নির্বাচনকালে দায়িত্ব পালন করবেন ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কলম, সুই-সুতা, মোম ও ব্যানারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে।
তিনি বলেন, “পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সার্বক্ষণিক তৎপর থাকবে।”
এদিকে বুধবার সকাল থেকেই ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। পুরো নগরীজুড়ে এক ধরনের সতর্ক ও নিয়ন্ত্রিত পরিবেশ বিরাজ করছে।








