Logo

টাকা আছে সন্দেহে গোদাগাড়ীতে জামায়াত নেতার গাড়ি আটকে তল্লাশি

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৪
টাকা আছে সন্দেহে গোদাগাড়ীতে জামায়াত নেতার গাড়ি আটকে তল্লাশি
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে ভোটারদের কাছে টাকা বিতরণের সন্দেহে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নোমায়ন আলীর বহনকারী একটি মাইক্রোবাস আটক করেন স্থানীয় বিএনপির কর্মীরা।

বিজ্ঞাপন

অভিযোগ ওঠে, গভীর রাতে গাড়িতে করে টাকা নিয়ে ভোটারদের প্রভাবিত করতে যাচ্ছিলেন তিনি। তবে প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে গাড়ি তল্লাশি করে কোনো অর্থ বা সন্দেহজনক কিছু পাননি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টা ২০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার আলীপুর গ্রামে ঘটে। জানা যায়, বিয়ানাবোনা গ্রামের বাসিন্দা নোমায়ন আলী ভাড়া করা একটি মাইক্রোবাসে করে সেখানে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা গাড়িটি থামিয়ে চাবি নিয়ে নেন। তাদের দাবি ছিল, গাড়িতে নগদ অর্থ রয়েছে, যা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছিল।

বিজ্ঞাপন

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দীলিপ অভিযোগ করেন, গভীর রাতে জামায়াত নেতা কয়েকজনকে নিয়ে আলীপুরের হিন্দুপাড়ায় যান। তাদের সন্দেহ হয়, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে সেখানে যাওয়া হয়েছে।

তিনি দাবি করেন, তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা টাকা সরিয়ে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

অন্যদিকে নোমায়ন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনী কার্যক্রম শেষে তিনি আলীপুরে দলের এক কর্মীকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন। এ সময় বিএনপি কর্মীরা গাড়ি অবরোধ করে কারণ জানতে চান। বিষয়টি ব্যাখ্যা করা হলেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম ঘটনাস্থলে যান।

ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, গাড়িটি বিস্তারিতভাবে তল্লাশি করা হয়েছে, তবে কোনো নগদ অর্থ বা বেআইনি কিছু পাওয়া যায়নি। এ কারণে নোমায়ন আলীকে ছেড়ে দেওয়া হয়। রাত প্রায় ৩টার দিকে গাড়িটি ছাড় করা হয়।

বিজ্ঞাপন

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের সঙ্গে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD