জিলাপির টোকেন বিতরণ, জামায়াতের ৩ কর্মী আটক

দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চাঁদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মুকুল সরকার, একই এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক এবং গড়েরপার শিমুলতলী গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল। পুলিশ জানিয়েছে, তারা সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।
বিজ্ঞাপন
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করার সময় জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাদের কাছ থেকে ২৫টি জিলাপির টোকেন জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।








