কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্তরা

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলায় তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চা-পাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।
বিজ্ঞাপন
আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে এবং নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী-৬ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।
আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাজ আলী মাঠে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় কালুহাটি-আড়ানী সড়কে উঠতেই হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, বিরাজ ঘাস কেটে ফেরার সময় এক ব্যক্তি এসে কুপিয়েছে। স্থানীয়রা ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি। হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেটও কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সঙ্গে বিরাজের দ্বন্দ্ব ছিল না। আসন্ন ভোটকেন্দ্র করেও কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষকদলের নেতা। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বের কথা কখনও শুনিনি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হবার সম্ভাবনা বেশি। কারণ সে পালানোর সময় রাস্তাঘাট সব তার পরিচিত বলে মনে হয়েছে। এটি রাজনৈতিক কোনো সহিংসতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








