আজ ভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে শুরু হয়েছে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট।
বিজ্ঞাপন
তবে এর ব্যতিক্রম শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আজ শেরপুর-৩ আসনে কোনো ভোট অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো সংসদীয় আসনে নির্বাচন শুরুর আগে যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু ঘটে, তাহলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (পিআরও) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে ওই আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন স্থগিত করবেন এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করবে। নতুন তফসিলে আগে বৈধ ঘোষিত প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দিতে হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
এ ছাড়া এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নুরুজ্জামান বাদল। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
শেরপুর-৩ আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।








