Logo

জমি বিরোধের জেরে প্রকাশ্যে বৃদ্ধকে মারধর, অভিযুক্ত ছাত্রদল নেতা

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩১
জমি বিরোধের জেরে প্রকাশ্যে বৃদ্ধকে মারধর, অভিযুক্ত ছাত্রদল নেতা
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-এ জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বেণুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম ইউসুফ (৬৫) বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের সঙ্গে কাকরকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মিয়া (৪৫)-এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সাইফুল ইসলাম বাজারে ওষুধ কিনতে গেলে একটি চায়ের দোকানে বসা অবস্থায় অভিযুক্তের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বাজারে গেলে তাকে হুমকি দেওয়া হয় এবং পরে বিনা উসকানিতে মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত সুমন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং এমন কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বৃদ্ধকে মারধরের ঘটনার নিন্দা জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রকাশ্যে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD