Logo

ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, বিক্ষোভে ইউএনও অবরুদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৮
ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, বিক্ষোভে ইউএনও অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে সিল দেওয়া ব্যালট পেপার ও নির্বাচনী সিল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল পাওয়া যায়। উদ্ধার হওয়া ব্যালটের মধ্যে দুটি ধানের শীষ প্রতীকে চিহ্নিত, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা ক্লাসরুমের ভেতর এসব ব্যালট ও সিল দেখতে পায়। পরে তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায় এবং সেগুলো তার কাছে জমা দেয়। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে বিদ্যালয়ের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। একপর্যায়ে নারীরা ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদে অংশ নেন। উত্তেজনা বাড়তে থাকলে ইউএনওকে বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ করে রাখা হয়।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও বিক্ষোভ চলমান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রংপুর-৬ আসনে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার দাবিতে গত কয়েকদিন ধরে ওই এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ চলছিল। এর মধ্যেই সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD