Logo

দর্শনায় কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪
দর্শনায় কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—খাইরুল ইসলাম (৩৫), হাশেম আলী (৫৬), আব্দুল কুদ্দুস (৩০) ও শরিফুল ইসলাম (২৮)। তারা সবাই দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহযোগিতায় একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মহেশপুর থানা পুলিশ-এর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মান্নানের ছেলে রিপন (৪৫) ইফতার শেষে ঈশ্বরচন্দ্রপুর বড় জামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রধান ফটকের কাছে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, খাইরুল ও হাশেমসহ ৪-৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় আহত রিপনের ভাই রুবেল বাদী হয়ে খাইরুল, হাশেম, কুদ্দুস ও শরিফুলসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD