Logo

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন
ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগপন্থি ৬ জন, বিএনপিপন্থি ৫ জন এবং জামায়াতপন্থি ২ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতি ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। মোট ২২৭ জন ভোটারের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (আবদুল ওদুদ–মাহমুদুল ইসলাম কনক) থেকে ১৩ জন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (নজরুল–হাসিব) থেকে ১২ জন এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর–তসিবুর) থেকে ১১ জন প্রার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে আবদুল ওদুদ, সহ-সভাপতি পদে মিজানুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন তানভীর আহমেদ সিদ্দিকী ও মাইনুল ইসলাম অন্তর।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন এবং অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ এবং গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD