যারা ভোট দিয়েছেন, যারা দেননি-সবার জন্যই কাজ করবো : এম নাসের রহমান

মৌলভীবাজার-৩ আসন-এর সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, ইনশাআল্লাহ সবার জন্যই আমি কাজ করবো।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে ইউনিয়ন, উপজেলা ও পৌর নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী জুনে জাতীয় বাজেট ঘোষণার পর জুলাই মাস থেকে সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
এম নাসের রহমান বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ইতোমধ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি। তিনি বলেন, “খাল খনন কর্মসূচি সারা দেশে শুরু হয়েছে। আমাদের মৌলভীবাজারেও এটি বাস্তবায়ন হবে। পাশাপাশি রাস্তা-ঘাট ও সেতু নির্মাণসহ ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে।”
বিজ্ঞাপন
মৌলভীবাজারের গ্রামীণ জনপদে দীর্ঘদিন ধরে খাল ভরাট, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা ও পানির সংকটের অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, খাল খনন ও অবকাঠামো সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে বাজেট বরাদ্দ, প্রশাসনিক সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের গতি—এই তিনটি বিষয় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এম নাসের রহমান। ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
পরে তিনি শহর প্রদক্ষিণ শেষে বাহারমর্দানে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত করেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
গণসংবর্ধনা ও শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনসহ দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাজেরো জিপে দাঁড়িয়ে এম নাসের রহমান সর্বস্তরের মানুষের শুভেচ্ছার জবাব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাকে অভিনন্দন জানান।
শপথ-পরবর্তী প্রথম সফর ঘিরে উচ্ছ্বাস থাকলেও স্থানীয়দের নজর এখন প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়নের দিকে। প্রতিশ্রুতি থেকে প্রকল্প, আর প্রকল্প থেকে দৃশ্যমান পরিবর্তন—এ প্রত্যাশাই এখন মৌলভীবাজারবাসীর।








