Logo

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপির এমপির

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৫
দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপির এমপির
সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ফাইল ছবি

কুমিল্লা-১০ আসনের বিএনপি সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব নেতাকর্মীর স্ত্রী ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়, তাদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই উপজেলার বাগমারা বাজারে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দাও। এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে, তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে।”

ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন, দলের মধ্যে কিছু লোক “মোনাফিক”, যারা বিএনপি করলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায় এবং অর্থ দিয়েও অন্য দলকে সহযোগিতা করেছেন। এছাড়া তিনি বলেন, কিছু নেতার স্ত্রী ভোট দিয়েছেন জামায়াতকে। এমপি আরও মন্তব্য করেন, যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছিল, তারা এখন ঢাকায় এসে তার সঙ্গে সেলফি তুলছে। তিনি বলেন, “সেলফি তুলতে গিয়ে দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং, তুই এতদিন কোথায় ছিলি? নির্বাচনের দিন কোথায় ছিলি?”

বিজ্ঞাপন

এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে ভিডিওতে প্রকাশিত বক্তব্য ইতিমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচিত হচ্ছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে এমপি বলেন, “আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে। বলে কি না, ‘নেতা খারাপ ব্যবহার করে’। কিন্তু আমি বলি, নিজের চোখে দেখ, নিজের চোখে বুঝ।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD