৮ বছর প্রেমের পর ফেনীতে এসে বিয়ের পিঁড়িতে ফিলিপাইন তরুণী

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে ফেনীতে বিয়ে করেছেন এক বিদেশি তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কালি মন্দিরে সনাতন ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিলিপাইনের নাগরিক জেনি (৩২) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা সুজন পাল (৩৪)।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, কাজের সূত্রে কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছিলেন সুজন পাল। সেখানে ২০১৮ সালে ফিলিপাইনের নাগরিক জেনির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। প্রায় আট বছর ধরে দূরত্ব সত্ত্বেও তারা যোগাযোগ বজায় রাখেন এবং একসময় বিয়ের সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্প্রতি ফিলিপাইন থেকে বাংলাদেশে আসেন জেনি। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে ফেনীর কালি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
বিয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে জেনি বলেন, দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের পরিণতি হিসেবে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেছেন। তিনি জানান, বাংলাদেশে এসে তার খুব ভালো লাগছে। এখানকার মানুষ, সংস্কৃতি ও পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
অন্যদিকে সুজন পাল বলেন, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে তারা সংসার জীবনে পা রাখলেন। তিনি জানান, সব সময় একসঙ্গে থাকার স্বপ্নই ছিল তাদের। নতুন জীবনের শুরুতে সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন এই নবদম্পতি।
বিজ্ঞাপন
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী। তিনি জানান, পারস্পরিক ভালোবাসা থেকেই এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে মন্দিরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
বিদেশি তরুণীর বাংলাদেশে এসে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। দুই ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এই মিলনকে অনেকেই ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।








