ময়মনসিংহ হাম রোগের খবর সংগ্রহে বাধা, সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ

ময়মনসিংহে হাম রোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের বাধা ও সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে।
জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাম রোগের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসা। এ সময় তিনি ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলছিলেন।
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, তখন এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তার ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি গার্ড ও আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় দেশ টেলিভিশনের ক্যামেরাম্যান কাওসার মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ এবং আঞ্চলিক অনলাইন টেলিভিশন আঙ্গর টিভির প্রতিনিধি শাওন ও জহিরুল লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নারী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিজ্ঞাপন
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, “সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “সাংবাদিক আবু সালেহ মো. মুসা আমার অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”








