Logo

ন্যায়-নীতির প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলেন যুবক

profile picture
উপজেলা প্রতিনিধি
মতলব উত্তর, চাঁদপুর
৩০ মার্চ, ২০২৬, ১৮:২২
ন্যায়-নীতির প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলেন যুবক
ফাইল ছবি।

ইসলামের ন্যায়-নীতি, মানবিকতা ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন অর্জন দেবনাথ নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন রোহান আহমেদ।

বিজ্ঞাপন

জানা গেছে, তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবা হারাধন দেবনাথ ও মা সাধনা দেবনাথ। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে আগ্রহী ছিলেন এবং নিয়মিতভাবে ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতেন। পাশাপাশি মুসলমানদের জীবনাচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন।

ক্রমে ইসলামের সাম্য, ন্যায়বিচার ও শান্তির বাণীতে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের বিশ্বাসের জায়গা থেকে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তিনি প্রথমে নারায়ণগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা (এফিডেভিট) সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের ইমামের কাছে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি নতুনভাবে তার ধর্মীয় জীবন শুরু করেন।

নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে রোহান আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ব্যক্তিগত বিশ্বাস ও ভালো লাগা থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এখন আমি ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

এদিকে তার ইসলাম গ্রহণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার অধিকার রয়েছে, আর সেই দৃষ্টিকোণ থেকেই বিষয়টি বিবেচনা করা উচিত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD