পীরগঞ্জে এডমিট কার্ড না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষার্থী

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী ও তার মা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ছোট উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তোহিদুল ইসলাম তার মাকে সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন।
পরিস্থিতিতে তোহিদুল ইসলামের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানের ভবিষ্যতের দায়ভার কে নেবে”—তার এই আহাজারিতে উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিজ্ঞাপন
পরিবারের অভিযোগ, সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরও অজ্ঞাত কারণে তোহিদুল ইসলামের এডমিট কার্ড ইস্যু করা হয়নি। ফলে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে এডমিট কার্ড না পাওয়ার কারণ উদঘাটন এবং শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।








